শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ৪১৮টি পূজামণ্ডপে তিন স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পূজামণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার মনিটরিং এবং নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার ‘মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপে’ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান, পিএসসি। এ সময় সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, বিপিএম উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে এসআরবি-১। সংস্থাটির দায়িত্বপূর্ণ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় এবার মোট ৪১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
তিনি জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে গত ১২ অক্টোবর এসআরবি-১-এর সদর দপ্তরে দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নিরাপত্তাব্যবস্থার বিষয়ে তিনি বলেন, প্রথম স্তরে পূজামণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবক, সিসিটিভি ক্যামেরা ও আনসার সদস্যদের মাধ্যমে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি এসআরবি-১-এর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মিশে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তৃতীয় স্তরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে টহল জোরদার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কেউ জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এ জন্য এসআরবি-১-এর সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানান অধিনায়ক।
দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, বাংলাদেশে সবাই বাংলাদেশি এবং প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী, চরমপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে মণ্ডপ পরিচালনা কমিটি এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এসআরবি-১-এর অধিনায়ক। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
