স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মুরগিবাহী অটোগাড়ির এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শামীম হাওলাদার (৩৫)। তিনি মুরগির দোকানের কর্মচারী ছিলেন। আহত অটোচালকের নাম মো. রাসেল (১৮)।
নিহত শামীমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার পূর্ব টিয়াখালী গ্রামে। তার বাবার নাম মৃত শাহজাহান হাওলাদার। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রনিসিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সকালে রাজধানীর কাপ্তান বাজার থেকে অটোগাড়িতে মুরগি নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাজারে যাচ্ছিলেন শামীম ও রাসেল। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় একটি ট্রাক অটোগাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন।
পরে তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত রাসেল চিকিৎসাধীন রয়েছেন।
এসআই মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
