বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। একই সাথে মাদক উদ্ধারে বিশেষ কৃতিত্বের জন্য তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত কল্যাণ সভায় বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম মূল্যায়নে তিনি জেলায় প্রথম স্থান অর্জন করেন। গত সেপ্টেম্বর মাসে আগৈলঝাড়া থানা-পুলিশের অভিযানে ২ হাজার ২১৭ পিস ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। মাদক সংক্রান্ত ৭৫টি মামলায় ৭০ জনকে অভিযুক্ত করে ৬৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে অনুভূতি প্রকাশ করে ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, এই অর্জন আগৈলঝাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের ফল। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায়ই এই সফলতা সম্ভব হয়েছে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় একটি অপরাধ ও মাদকমুক্ত আগৈলঝাড়া গড়তে পুলিশি সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় আগৈলঝাড়া থানার এই সাফল্য পুরো জেলার পুলিশিং ব্যবস্থার জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
জেএইচআর
