নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবেন।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফল প্রকাশের প্রক্রিয়া, ফল জানার পদ্ধতি এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে, ২০২৫ সালে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। সে বছর পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের পাসের হার ছিল ৫২ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের ৬১ দশমিক ৪৫ শতাংশ।
গত বছরের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৩ হাজার ২১৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে এ সংখ্যা ছিল ৪ হাজার ২৬৮ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৬১০ জন।
