দুর্ঘটনার পরে বন্ধ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপনিজস্ব চিত্র
Published on
:
1 min read
সপ্তমীতেই উৎসবের আলো মুছে নামল আঁধার। কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। নিহতদের তালিকায় রয়েছে ৭ বছরের এক শিশুও। মৃতদের মধ্যে বেশ কয়েক জনের বয়স ১৮ বছরের কম। মহাসপ্তমী শনিবারের সন্ধ্যায় ভিড়ের চাপে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আহত হন ২৫ জন। তাঁদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ-সহ শহরের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতভর চিকিৎসার পরে ১১ জনকে রবিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনকে ভোরের দিকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই মুহূর্তে অন্য কোনও হাসপাতালে ওই দুর্ঘটনায় আহত কেউ ভর্তি নেই বলে জানা গিয়েছে।
পুলিশ ও চোরবাগান সর্বজনীন সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি শুরু হয়। রাস্তায় ছিল তীব্র যানজট। সেই সময়ে আচমকাই চোরবাগান সর্বজনীনের মণ্ডপের ভিতরে তীব্র হুড়োহুড়ি পড়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময়েই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে।
শনিবার রাতে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কলকাতার নামী পুজো উদ্যোক্তাদের একাংশ। ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক মণ্ডপ। অতিরিক্ত ভিড়ের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
