মানিলন্ডারিং মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দিলীপ কুমার আগারওয়ালাকে হাজির করে তিন দিন রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল আল মনসুর রিপন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম বলেন, সিআইডিতে তার (দিলীপ কুমার আগারওয়ালা) বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে সন্ধ্যা ৬টায় গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১৭ নভেম্বর চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা কেনাবেচা করে অর্জিত ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পরে সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা কেনাবেচা করে অবৈধ অর্থ উপার্জন করেছে। প্রাথমিক তথ্য-প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থ উপার্জনের সত্যতা পেয়ে মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল র্যাব। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় র্যাব।
দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য।
