বড়লেখায় চুরির মামলায় গ্রেপ্তার ৬, উদ্ধার ১১ ভরি স্বর্ণালংকার
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মৌলভীবাজারের বড়লেখায় বাড়িতে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বড়লেখা থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকায় একটি বাড়িতে চুরি হয়। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্ত ও চোরাই মালামাল উদ্ধারে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি মুঠোফোন, দুটি কানের দুল, একটি গলার হারসহ স্বর্ণালংকার এবং চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন প্রায় ১১ ভরি ২ আনা।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
