চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ভটভটি সড়কের পাশে খাদে পড়ে হেলাল উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। মারা গেছে দুটি গরু।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে শহরতলীর নুরনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন- ভটভটি চালক তারাচাঁদ ও ব্যবসায়ী শিপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল উদ্দিন পিরোজপুরের মঠবাড়ীয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই হেলাল মারা যান।
চালক তারাচাঁদ বলেন, আমরা গরু নিয়ে মঠবাড়িয়া থেকে আলমডাঙ্গা যাচ্ছিলাম। ভোরে চোখে ঘুম আসলে ভটভটিসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ডোবার মধ্যে পড়ে যাই।
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
