ভারতের গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি, শিশুসহ ১১ জনের প্রাণহানি
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে যাত্রীবাহী একটি নৌকা উল্টে শিশুসহ অন্তত ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এই ভয়াবহ...........
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে যাত্রীবাহী একটি নৌকা উল্টে শিশুসহ অন্তত ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে গঙ্গার বুকে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত ওই নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তারা সবাই নদী পার হয়ে পাশের একটি গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন। যাত্রাপথে রামপুর শ্যামচন্দ গ্রামের কাছাকাছি পৌঁছালে মাঝগঙ্গায় হঠাৎ করে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানা পুলিশ।
কিছুক্ষণ পর পেশাদার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে গঙ্গায় তল্লাশি শুরু করলে একের পর এক মরদেহ উদ্ধার হতে থাকে। বৈশালীর জেলা শাসক বর্ষা সিং জানিয়েছেন, নৌকাডুবির এই ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন এবং বর্তমানে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে প্রশাসন এখনো নিশ্চিত হতে পারেনি।
কী কারণে মাঝনদীতে এমন আকস্মিক দুর্ঘটনা ঘটল, তা এখনো অস্পষ্ট। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধারকারী দলের তল্লাশি অভিযানের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও হতাহতদের পরিচয় দ্রুত নিশ্চিত করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ জার্নাল/ওএফ