সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
প্রথম দিনেই তিন কোটি পার ‘নয়ী নভেলি'র
গত শুক্রবার মুক্তি পেয়েছে ইয়ামি গৌতম এবং আদিনাথ কোঠারে অভিনীত নতুন ছবি ‘নয়ী নভেলি’। এই ছবিটি বক্স অফিসে বেশ ভাল ফল করেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি প্রায় ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এদিকে একই দিনে মুক্তি পাওয়া, রাজকুমার রাও অভিনীত ছবি ‘প্রহার’ প্রথম দিনে ২.৩৫ কোটি টাকা আয় করেছে। ফলে এর তুলনায় সামান্য ভাল ফল করলেও, ‘নয়ী নভেলি’ ইয়ামি গৌতমের আগের ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর প্রথম দিনের ৫.৯০ কোটি টাকার আয়কে পিছনে ফেলতে পারেনি। এখন উইকএন্ডে ছবিটি কেমন ব্যবসা করে, সেটাই দেখার বিষয়।
'কিং'-এর সঙ্গে জোর টক্কর অনিতের
বলিউডে জল্পনা থাকলেও আপাতত পিছিয়ে যাচ্ছে না অনিত পাড্ডা অভিনীত হরর-কমেডি ছবি ‘শক্তি শালিনী’। এর আগে গুঞ্জন রটেছিল যে, বক্স অফিসে শাহরুখ খানের ছবি ‘কিং’-এর সঙ্গে বড় সংঘর্ষ এড়াতে এই ছবিটিকে ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। তবে জানা যাচ্ছে, ছবিটির মুক্তি ২০২৭-এ পিছিয়ে যাচ্ছে না। ছবিটি আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বরেই বড়পর্দায় আসছে। যেহেতু শাহরুখ খানের বহুল প্রত্যাশিত ছবি ‘কিং’-ও একই দিনে অর্থাৎ ২৪ ডিসেম্বর, ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা, তাই বক্স অফিসে এই দুই ছবির মধ্যে এক জোরদার ও রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
https://www.youtube.com/watch?v=FAZCMeBQx8Q
বাড়ি ভাঙা নিয়ে মুখ খুললেন অজয়
মুম্বইয়ের জুহুতে বলিউড অভিনেতা অজয় দেবগণের বাড়ির একাংশ ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। বেআইনি বা অননুমোদিত নির্মাণের অভিযোগ তুলে এই পদক্ষেপ করেছে পুরসভা। এই ঘটনার পরেই সংবাদমাধ্যমে একটি বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অজয় দেবগণের আইনি টিম। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে, যে সম্পত্তিটি নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে, সেটি অভিনেতা অজয় দেবগণের ব্যক্তিগত বাসভবন নয়। বরং এটি একটি পৃথক সম্পত্তি, যা বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে। অভিনেতার টিমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিএমসির নিয়মকানুন এবং নির্দেশিকা মেনেই ওই সম্পত্তির একটি অংশের জন্য প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছিল। পাশাপাশি, পুরসভার পক্ষ থেকে যেমন নির্দেশ দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন, সংযোজন এবং পরিমার্জনের কাজও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
