মেহনতি মানুষের অধিকার আদায় ও শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় কাজ করা সংগঠন ‘শ্রমজীবী সংঘ’ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার সন্তান আমিনুল ইসলাম পাপন মুন্সী।
সংগঠনটির ২০২৬ সালের জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বাবুল মোল্যা, নির্বাহী সভাপতি হয়েছেন রুবেল শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান।
উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ এবং ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন। পাপন মুন্সীর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া এলাকায়। তিনি স্থানীয় ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। সংগঠন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ছাত্রজীবন থেকেই সামাজিক বৈষম্য, অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন পাপন মুন্সী।
পরবর্তী সময়ে প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। পরে শ্রমজীবী সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনটির কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন।
পাপন মুন্সী নিজেকে ‘শ্রমজীবী সংঘের একজন কমরেড’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার রাজনৈতিক ও সামাজিক দর্শনে অর্থনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। তার দৃষ্টিভঙ্গিতে, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য ও শোষণ থেকে মুক্তি নিশ্চিত করাও জরুরি।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য হ্রাস এবং শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন নতুন কেন্দ্রীয় কমিটির ওপর। সাধারণ সম্পাদক হিসেবে পাপন মুন্সীর নির্বাচিত হওয়াকে ঘিরে তার নিজ এলাকা কালকিনিতেও আগ্রহ তৈরি হয়েছে।
বিআলো/আমিনা