চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় সংগঠনটির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়। এতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।
পরে দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। বিষয়টি জানার পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
