কালবেলা · সাধারণ
টিকটকে পরিচয়, নিখোঁজ চার কিশোরী ঢাকা থেকে উদ্ধার
১৩/১০/২০২৬

কুষ্টিয়া থেকে নিখোঁজের ছয় দিন পর চার কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা নিজেদের মাধ্যমে ‘বিয়ে’ করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী গত ৫ অক্টোবর পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের নিখোঁজের পর অভিযোগের প্রেক্ষিতে মিরপুর থানা পুলিশ অনুসন্ধান শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার এক কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একইভাবে মিরপুরের অন্য দুই কিশোরীর মধ্যেও টিকটকের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়।
সম্পর্কের পর চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয়। গত ৫ অক্টোবর মিরপুরের তিন কিশোরী সেখানে গিয়ে নারায়ণগঞ্জের কিশোরীর সঙ্গে অবস্থান শুরু করে।
পুলিশের তথ্য অনুযায়ী, হেমায়েতপুরের ওই বাসায় দুই কিশোরী নিজেদের মধ্যে সমকামী বিয়ের সিদ্ধান্ত নিয়ে পবিত্র কোরআন স্পর্শ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বলে প্রাথমিকভাবে তাদের কাছে জানা গেছে। এরপর তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে থাকার দাবি করে। অন্য দুই কিশোরীও নিজেদের সম্পর্কের ভিত্তিতে একই বাসায় একসঙ্গে বসবাস করতে থাকে।
এভাবে কয়েক দিন একসঙ্গে থাকার পর তাদের অবস্থানের তথ্য পায় মিরপুর থানা পুলিশ। পরে মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কাকিলাদহ ক্যাম্পের আইসি এসআই ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করেন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া চার কিশোরীর বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। নিখোঁজ তিন কিশোরীকে ঢাকার হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের একজনকেও উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗