কালবেলা · সাধারণ
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়ে নিহত
২১/১০/২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)।
আহতরা হলেন মো. আসলাম হোসেন (৪৬), মো. জয়ান আসলাম (১১), মো. জুনায়েত আসলাম (১৪), মো. জাওয়াত আসলাম (১৮)। তারা সবাই মাইক্রোবাসে ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সাংকেতিক চিহ্নের সাইনবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বাড়বকুন্ড আনোয়ারা গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সংকেতিক চিহ্নের সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হন। আহত হন চারজন। তারা পরিবারের লোকজন ঢাকা থেকে মাইক্রোবাসে করে বান্দরবান যাচ্ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ইফরাদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗