সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানিয়েছে।
সৌদি আরবভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
প্রতিবেদন অনুযায়ী, তদন্তের পর দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে।
পরে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পায় এবং মৃত্যুদণ্ডের রায় দেয়।
অভিযুক্তদের কর্মকাণ্ডের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারিক বিবেচনাধীন শাস্তি হিসেবে এ রায় দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে রায়টি বহাল থাকে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
