রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা প্রস্তুত। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীবাসী প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই আগমন হবে ঐতিহাসিক।
তিনি আরো বলেন, ২০২৬ সালের ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় পদ্মা প্যারেজ নির্মাণ, কৃষকদের কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড প্রদান সহ যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অধিকাংশ ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন। ইতোমধ্যে একনেক সভায় পদ্মা ব্যারেজ নির্মাণে প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বির্নিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।
এরআগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
