মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নেই: শফিকুর রহমান
মৌলভীবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংবাদমাধ্যম সমাজের আয়না। এর মাধ্যমে সমাজের দোষ-ত্রুটি সামনে আসে। তবে স্বাধীনতার পর ১৯৭৫ সালে সংবাদমাধ্যমের ওপর আঘাত আসে। বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। চারটি সংবাদমাধ্যম ছাড়া অন্যগুলোর অস্তিত্ব রাখা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। তিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তাঁর প্রাইম ডিউটি হচ্ছে নিজের মন্ত্রণালয়ের লোক আফটার করা।’
তিনি অভিযোগ করেন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ কিংবা সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো—সরকারের এমন দাবির মাপকাঠি কী, সে প্রশ্নও তোলেন তিনি।
মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান স্থানীয় নির্বাচন সুষ্ঠু পরিবেশে আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির প্রকৌশলী মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
