নিরাপদ সড়ক নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করতে কিশোরগঞ্জের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। কর্মসূচিতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া গাড়ি চালানো ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ট্রাফিক সংকেত মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং যান্ত্রিক অবস্থা পরীক্ষা করে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, চালকদের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, ওসি আবুল কালাম ভূঁইয়া।