ভারতে বহু পরিবার আর্থিক দিক থেকে খুব একটা সচ্ছল নয়। সন্তানের পড়াশোনা করার খরচ জোগানোও তাদের পক্ষে হয়ে ওঠে অত্যন্ত কষ্টসাধ্য। সাধারণত সেই সব পরিবারের ছেলেমেয়েরাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে লেখাপড়া করতে যায়। পারিবারিক কারণে নানা রকম আনন্দ থেকে বঞ্চিতই রয়ে যায় সেই সব ছোট্ট মানুষেরা। তাদের সে দুঃখ ভোলাতে সম্প্রতি এক অভিনব উদ্যোগ নিল এক অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মিষ্টি সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি ঘরের বাইরে দাঁড়িয়ে একদল কচিকাঁচা। একটি মেটাল ডিটেক্টরের মতো দেখতে একটি বস্তু দিয়ে প্রথমে তাঁদের ‘দেহতল্লাশি’ চালানো হয়। সেটি আসলে কাগজের তৈরি। এর পর টিকিট কাউন্টার লেখা একটি জায়গায় গিয়ে টিকিট নেয় খুদেরা। পপকর্ন কাউন্টার থেকে পপকর্নও নেয়। কোনও রকম দুষ্টুমি বা তাড়াহুড়ো না করে, সুষ্ঠু ভাবে এগুলি করে তারা।
এর পর ভিডিয়োয় দেখা যায় পপকর্ন খেতে খেতে সিনেমা দেখছে খুদে পড়ুয়ারা। ভিডিয়োটিতে লেখা হয়েছে, “অঙ্গনওয়াড়িতে সিনেমা দেখার পালা (মুভি টাইম অ্যাট অঙ্গনওয়াড়ি)।” সংবাদ প্রতিবেদন অনুসারে, গুজরাতের গোকুলপুর ২-এ অবস্থিত ওই অঙ্গনওয়াড়ি বিদ্যালয়টি। তবে, তারা কোন সিনেমা দেখেছে, তা জানা যায়নি।
‘কিউটি.অ্যাঞ্জেল.১২০৪’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে। সেটি দেখে মন ভরে উঠেছে নেটাগরিকদের। কয়েক লক্ষ ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে তাতে। এই কাজের উদ্যোগ যাঁরা নিয়েছেন, তাঁদের সাধুবাদ জানিয়েছে নেটপাড়া। নানা রকম মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যবাক্স। এক জন লিখেছেন, “অঙ্গনওয়াড়িতেও এমনটা হয়, দেখে ভাল লাগল।” আর এক জন লিখেছেন, “সমাজমাধ্যমের সেরা ভিডিয়ো এইটিই।”
