Published : 16 Oct 2026, 09:46 PM
Updated : 16 Oct 2026, 09:46 PM
কথাসাহিত্যিক নাসরীন জাহানের নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসী’ এর প্রচ্ছদ উন্মোচন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রচ্ছদটি উন্মোচন করা হয়। শিল্পী আনিসুজ্জামান সোহেল প্রচ্ছদ এঁকেছেন। বইটি প্রকাশিত হচ্ছে অন্যপ্রকাশ থেকে।
নিজের অসুস্থতার কথা তুলে ধরে অনুষ্ঠানে নাসরীন জাহান বলেন, “যখনই কলম হাতে নেই, মনে হয় মৃত্যু সামনে দাঁড়িয়ে বলছে ‘আমাকে নিয়ে লেখ’। কিন্তু লেখা শুরু করলেই ফ্যান্টাসি বাড়তে থাকে, পৃথিবীর রূপ, রস ও জীবন চোখের সামনে নতুন করে ভেসে ওঠে।
“ছয় মাস আগেও যিনি সেলফি তুলতে পারতেন না, তিনি আজ মোবাইল ফোন ধরে কথা বলছেন, ফেইসবুকে লিখছেন। জীবনের এই সজীবতা দিয়েই আমি কালো অন্ধকার ও মৃত্যুকে দূরে ঠেলে দিচ্ছি।”
অনুষ্ঠানে সাহিত্যিক হাসনাত আবদুল হাই বলেন, “নাসরীন জাহান এমন এক বিরল ব্যক্তিত্ব, যার জীবন থেকে লেখালেখিকে আলাদা করা যায় না। দুই বছর ধরে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও নাসরীন জাহানের জীবনযাপনের চরিত্র বদলায়নি।
“রোগশয্যায় থেকেও তিনি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহিত্যগুণসম্পন্ন অনুকবিতা ও প্রবচন লিখে চলছেন, যা তার অদম্য মনবলেরই প্রকাশ।”
অনুষ্ঠানে গল্পকার সেলিম মোর্শেদ, প্রাবন্ধিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী এবং গল্পকার পারভেজ হোসেন কথা বলেন।
