দুর্গাপূজায় সারাদেশের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ১১৮ জন সদস্য মোতায়েনের তথ্য জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার খিলগাঁওয়ের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য দেন।
তিনি জানান, গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। দ্রুত সাড়া দেওয়ার জন্য ১০৪টি স্ট্রাইকিং পেট্রোলও থাকবে। মোট ৩৩ হাজার ১৬৫টি মণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে।
নিরাপত্তার তথ্য আদান-প্রদান ও অন্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহারের কথা জানিয়েছে সংস্থাটি। সদস্যদের কার্যক্রম তদারকি, গুজব মোকাবিলা এবং প্রয়োজনীয় খাবার ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
