দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
জার্মানির ফুলডা ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্ট ইন ফুলডা–বিএসআইএফের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘উইন্টার ওরিয়েন্টেশন ২০২৬’। ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুলডার বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন ভর্তি হওয়া প্রায় ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, বিএসআইএফ প্রতিবছর নতুন আসা শিক্ষার্থীদের জন্য দুটি সেশনে (সামার ও উইন্টার) এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে থাকে।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান বেলা ১১টায় রেজিস্ট্রেশন ও আগত অতিথি ও অ্যালামনাইদের অভ্যর্থনার মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের প্রারম্ভেই নতুন শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এরপর মূল ওরিয়েন্টেশন পর্বে বিএসআইএফ পরিচিতি, উদ্দেশ্য এবং সংগঠনের কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন প্রদান করা হয়। একই সঙ্গে জার্মানিতে বসবাস, দৈনন্দিন জীবনযাপনের মৌলিক নিয়মকানুন এবং ফুলডা ইউনিভার্সিটিতে লেখাপড়া–সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নতুনদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ক্যারিয়ার সেশন। এই পর্বে ফুলডা ইউনিভার্সিটি থেকে সফলভাবে পড়াশোনা শেষ করে বর্তমানে জার্মানির কর্মক্ষেত্রে কর্মরত চারজন অভিজ্ঞ অ্যালামনাই অংশগ্রহণ (অনলাইন-অফলাইনে) করেন। তাঁরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, পড়াশোনা শেষ করে জার্মানিতে ক্যারিয়ার গড়ার চ্যালেঞ্জ, অভিজ্ঞতা এবং সফলতার নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অফিশিয়াল আলোচনা শেষে আয়োজন করা হয় চায়ের আড্ডা ও স্ন্যাক্স পর্ব (শিঙাড়া, সমুচা, চা, কুকিজ, জুস ইত্যাদি)। এই নেটওয়ার্কিং পর্বে নতুন শিক্ষার্থী, অ্যালামনাই ও সিনিয়রদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, যেখানে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও যোগাযোগ বিনিময়ের চমৎকার সুযোগ পান। পরিশেষে এক আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসের মাটিতে বাংলাদেশি সংস্কৃতির মেলবন্ধন ধরে রাখতে এবং নতুন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানে বিএসআইএফ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
