পর্তুগালের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান। সোমবার (১৯ অক্টোবর) লিসবনের বেলেম প্রাসাদে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশের এ অনুষ্ঠান বাংলাদেশ ও পর্তুগালের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে পর্তুগালের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এদিকে পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারপ্রধানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন জানান।
এ সময় তিনি ঢাকায় পর্তুগালের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও সহজ করবে, প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে সহায়তা করবে।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় শ্রমগতিশীলতা কাঠামোর আওতায় সহযোগিতা কার্যকরভাবে এগিয়ে নেওয়া, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন উৎসাহিত করা এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে তিনি সরাসরি আকাশপথে যোগাযোগ চালুর বিষয়েও বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে পর্তুগালের প্রেসিডেন্ট দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতি দেন এবং এর প্রশংসা করেন। একই সঙ্গে পর্তুগিজ সমাজে বাংলাদেশিদের একীভূত হওয়ার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
সাক্ষাৎকালে বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক বিষয়, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এমআরএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
