মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয়রা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে দ্রুত পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।
আজ শুক্রবার বিকেলে সাজেক কাউন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
শাপলা চত্বরে সমাবেশে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। পর্যটন খাতের সঙ্গে জড়িত বহু মানুষের আয়-রোজগার পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল।
দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ী, পরিবহন মালিক, চালকসহ স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, সাজেকের পর্যটন শিল্প শুধু ব্যবসায়ীদের নয়, স্থানীয় বহু মানুষের জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস। তাই পর্যটন খাত রক্ষা ও স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ এবং পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ চাকমা।

