আইনি পরামর্শ, মামলার খোঁজখবর কিংবা আদালত-সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগ—বিচারপ্রার্থীদের নানা প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশ ও বিদেশ থেকে এ হেল্পলাইনে কল করেছেন হাজারো মানুষ। এ সময়ে মোট ৭ হাজার ৩২৮টি কল এসেছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই এসেছে ৭৭৪টি কল।
সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইনি পরামর্শ, মামলাসংক্রান্ত তথ্য এবং বিভিন্ন অভিযোগ জানাতে এসব কল করা হয়।
বিজ্ঞাপন
মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে ১১১টিতে আইনি পরামর্শ চাওয়া হয়। এ ছাড়া ১৮৪টি কল আসে মামলার তথ্য জানতে। এসব ক্ষেত্রে সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।
তবে হেল্পলাইনে কল করেও সেবা গ্রহণকারীর কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি—এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি। একই মাসে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব ও অসদাচরণের অভিযোগে ২০টি কল আসে।
বিজ্ঞাপন
এসব অভিযোগের মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের কপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে করা ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি ছয়টি অভিযোগের ক্ষেত্রে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের বিষয়ে ব্যবস্থা নিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সেপ্টেম্বরে আরও ৭৯টি কল আসে। তবে এসব বিষয় সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় সংশ্লিষ্ট অভিযোগকারীদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো, আদালত-সংশ্লিষ্ট সেবা সম্পর্কে তথ্য পাওয়া সহজ করা এবং অনিয়মের অভিযোগ জানানোর সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু করা হয়। প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারের উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
বর্তমানে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ সেবা পাওয়া যাচ্ছে। এ ছাড়া ১০৩ নম্বরে অনলাইন সেবাও চালু রয়েছে।
আদালত-সংশ্লিষ্ট তথ্যের জন্য দীর্ঘ অপেক্ষা, আইনি সেবা পেতে বিলম্ব কিংবা বিভিন্ন অনিয়মের অভিযোগ জানানোর ক্ষেত্রে হেল্পলাইনটি বিচারপ্রার্থীদের জন্য একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে। তবে অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করাও এ উদ্যোগের কার্যকারিতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ।
এফএইচ/এমএমকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
