কালবেলা · সাধারণ
রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
২২/১০/২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) থেকে কাজে যোগ দেবেন তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, হাসপাতাল পরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনা শেষে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং আগামীকাল থেকে হাসপাতালে যোগদান করবেন।
এর আগে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, নিরাপত্তাহীনতা এবং জনবল ঘাটতির অভিযোগ তুলে বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেকের জরুরি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ইন্টার্ন চিকিৎসকদের রোগীর স্বজনদের দুর্ব্যবহার ও হামলার শিকার হতে হচ্ছে। অবকাঠামোগত সমস্যায় অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় জরুরি ওয়ার্ডে রোগীর চাপও বাড়ছে।
ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি এবং অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।
দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা। কর্মবিরতি প্রত্যাহারের ফলে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗