মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের আগরতলা থেকে কলকাতায় যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, মৃত ভারতীয় নারীর নাম অঞ্জনা ভৌমিক। তার সঙ্গে উড়োজাহাজটিতে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এ ছাড়া উড়োজাহাজটির দুই পাইলটসহ মোট সাতজন ছিলেন।
তালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এর পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা।
জানা গেছে, আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা উড়োজাহাজটির দরজা মাঝ আকাশে খুলে যায়। এ পরিস্থিতিতে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল, জরুরি অবতরণের সময় ঠিক কতটা ছিল এবং ওই নারীর মৃত্যুর সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
