সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তঘেঁষা ভারতের অংশে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে খোলা আকাশে পড়ে থাকা খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নিহতের পরিবার ও স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহত খালেদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে কানাইঘাটের দনা সীমান্তের মিকিরপড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন খালেদ। এ সময় সীমান্তের ওপার থেকে করা গুলিতে তিনি ঘটনাস্থলে মারা যান। এরপর থেকে তার মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়ে ছিল।
কানাইঘাটের লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের সদস্য নাজিম উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার কয়েকজন যুবকের সঙ্গে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন খালেদ। এ সময় বাকিরা ফিরে এলেও খালেদ খাসিয়াদের গুলিতে মারা গেছেন বলে জানতে পেরেছি। তার লাশ সীমান্তে পড়ে ছিল। থানা পুলিশ ও বিজিবিকে জানানো হয়েছে।
এ ঘটনায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে খাসিয়া ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে সংঘাত হয়। এ সময় একজন বাংলাদেশী নাগরিক নিখোঁজ হয় বলে সোর্স মাধ্যমে জানা যায়। এ ঘটনা তদন্ত চলছে।
এ বিষয়ে যোগাযোগ করলে সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দেশদর্পণকে বলেন, ‘নিহতের পরিবার ও স্বজনরা বিকেলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে বলে শুনেছি।’
এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘না, তারা থানায় জানায়নি, আমরা নিজেরা জানার পর তাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছি।
ওয়াইএফ/০৪
