“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করেছে মহিলা বিষয়ক অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়। গত ১২ অক্টোবর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক কেন্দ্রীয়ভাবে গৃহীত কর্মসূচির ধারাবাহিকতায় জেলা উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব রেজিনা আরজু লাভলী। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার জনাব নাজনীন আকতারী।
স্বাগত বক্তব্যে নাজনীন আকতারী কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “কন্যাশিশুরা পরিবার ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। যথাযথ সুযোগ ও সহায়তা পেলে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম।”
আলোচনা সভার মুক্ত আলোচনা পর্বে উঠে আসে বর্তমান সময়ের প্রযুক্তিভিত্তিক সামাজিক সমস্যা ও সমাধানের দিক। সিটি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও প্রশিক্ষার্থী ইসরাত জাহান মোবাইল ফোন ও প্রযুক্তির সহজলভ্যতার কারণে শিশু-কিশোরদের ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা নিয়ে সভাপতির পরামর্শ জানতে চান।
জবাবে উপপরিচালক রেজিনা আরজু লাভলী বলেন, “সন্তানদের সঙ্গে অভিভাবকের বন্ধুসুলভ সম্পর্ক, পারস্পরিক বিশ্বাস ও ভাবনার উন্মুক্ত আদান-প্রদানই তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বড় ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মের কাছ থেকে মাতা-পিতারও প্রযুক্তি বিষয়ে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। পারিবারিক সুদৃঢ় বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার মাধ্যমে সন্তানদের ভুল পথে পরিচালিত হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”
সমাপনী বক্তব্যে উপপরিচালক বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে পরিবার ও সমাজকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা ছাড়াও দিবসের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা কার্যালয়ের ভবনে অবস্থিত দুটি ডে-কেয়ার সেন্টারের মোট ১৩ জন শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিশুকেই সান্ত্বনা পুরস্কারে ভূষিত করা হয়।
সাংস্কৃতিক পর্বে ডে-কেয়ার সেন্টারের শিশু সানিয়া, তানিশা, ইকরা, তন্নী, মুক্ত ও সায়ান ছড়া আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করে। এছাড়া প্রশিক্ষার্থী ইসরাত জাহান কবিতা আবৃত্তি, ড্রেস মেকিং ট্রেডের প্রশিক্ষক মিলি খন্দকার সঙ্গীত পরিবেশন, প্রশিক্ষার্থী নাহিদ স্বরচিত কবিতা আবৃত্তি এবং প্রশিক্ষার্থী নাজনীন চৌধুরী কৌতুক পরিবেশন করেন।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, দুটি ডে-কেয়ার সেন্টারের শিশু ও কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
The post ঢাকায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় appeared first on দৈনিক আমার সময়.
