ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মো. রফিক (৩৭) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল অস্ত্রধারীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকার পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
অপহৃত মো. রফিক বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইন্যাপাড়া এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইন্যাপাড়া এলাকায় এলজিইডির সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে অবস্থান করছিলেন রফিক। মঙ্গলবার রাতে হঠাৎ বাড়ির আশপাশে কুকুরের ডাকাডাকি শুনতে পান তিনি। বিষয়টি দেখতে বাড়ি থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন অস্ত্রধারী তাঁকে ঘিরে ফেলে।
পরে অস্ত্রের মুখে জিম্মি করে রফিককে পাহাড়ের দিকে নিয়ে যায় তারা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে অপহরণকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের বলেন, ‘রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মো. রফিক নামে এক ব্যক্তিকে পাহাড়ি অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।’
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে রফিকের বাড়ি। তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ কুকুরের শব্দ শুনে বাইরে বের হলে কয়েকজন অস্ত্রধারী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ অপহৃত রফিকের বাড়িতে অবস্থান করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।’
ঘটনার পর থেকে বাইন্যাপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত অভিযান চালিয়ে অপহৃত রফিককে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শাহীন/অলি/
