পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। একসময় ক্যামেরার সামনে দাপুটে উপস্থিতিতে দর্শক মাতানো এই অভিনেত্রী এখন লড়ছেন অসুস্থতার সঙ্গে। গত ১৩ দিন ধরে রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিগগিরই বাসায় ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।
অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার গণমাধ্যমকে জানান, খালেদা আক্তার কল্পনার শারীরিক অবস্থার খোঁজ নিতে সম্প্রতি হাসপাতালে গিয়েছিলেন সংগঠনটির একটি প্রতিনিধিদল। এ সময় অভিনেত্রীর স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন তারা।
সূচনা সিকদার বলেন, ‘সবার প্রিয় কিংবদন্তি অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা আন্টি গুরুতর অসুস্থ। গত ১৩ দিন ধরে ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।’
ভাইরাসজনিত সমস্যার পাশাপাশি স্নায়বিক জটিলতায়ও ভুগছেন এই অভিনেত্রী। অসুস্থতার কারণে টানা চার-পাঁচ দিন কথা বলতে পারেননি তিনি। তবে বর্তমানে তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন বলে আশা করছেন সূচনা সিকদার।
এদিকে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা। এ প্রসঙ্গে সূচনা সিকদার বলেন, ‘তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’ এর আগেও অভিনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সহকর্মীরা।
শিক্ষকতা থেকে চলচ্চিত্রে আসা খালেদা আক্তার কল্পনার অভিনয়জীবনের শুরুটাও ছিল বেশ নাটকীয়। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে যুক্ত হন তিনি। একদিন লন্ড্রি থেকে আনা কাপড়ের ভাঁজে চোখে পড়ে ওই কার্যক্রমের বিজ্ঞাপন। কৌতূহলবশত আবেদন করলেও পরে বিষয়টি ভুলে গিয়েছিলেন। কিন্তু সেই আবেদনই বদলে দেয় তার জীবনের গতিপথ।
পরিচালক মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। নানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অর্জন করেছেন দর্শকের ভালোবাসা এবং চলচ্চিত্র অঙ্গনে নিজস্ব পরিচিতি।
দীর্ঘদিনের কর্মময় জীবন পেরিয়ে এখন অসুস্থতার কারণে অনেকটাই আড়ালে থাকতে হচ্ছে এই অভিনেত্রীকে। পর্দায় যার উপস্থিতি একসময় ছিল নিয়মিত, সেই মানুষটির সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা। তাদের প্রত্যাশা, অসুস্থতা কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন খালেদা আক্তার কল্পনা।
