সড়কের দুই পাশে সারি সারি গাছ, ছায়াঘেরা পথ আর সবুজে ঘেরা জনপদ—এমন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুরু হয়েছে সামাজিক বনায়ন কার্যক্রম। এর আওতায় উপজেলার দুটি সড়কের পাশে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির মোট পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গোমস্তাপুর জোনের বাস্তবায়নে এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় অংশীদারত্বের ভিত্তিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় রহনপুর ইউনিয়নের স্বরস্বতীপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত এবং জনতা স্কুল মোড় থেকে হুক্কাপুর পর্যন্ত সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হচ্ছে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সবুজ বেষ্টনী গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, গাছগুলো যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে এলাকাজুড়ে সবুজের বিস্তার ঘটবে। পাশাপাশি গাছের ছায়া, ফল ও ঔষধি গুণাগুণ স্থানীয় মানুষের উপকারে আসবে। তবে বৃক্ষরোপণের সুফল নিশ্চিত করতে চারাগুলোর নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া, গবাদিপশুর বিচরণ থেকে সুরক্ষা এবং প্রয়োজনীয় তদারকি জরুরি।
পরিবেশবান্ধব ও টেকসই জনপদ গড়ে তুলতে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং রোপণ করা গাছের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে গোমস্তাপুরের এ উদ্যোগ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক অবদান রাখবে।
