কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়িতে স্মরণোৎসব চলাকালে পুলিশ বক্সের অদূরে মিলেছে পেট্রল বোমাসদৃশ বস্তু, বারুদ, পেট্রল ও ইলেকট্রনিক সার্কিট। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথের একটি নারিকেলগাছের গোড়া থেকে সাদা ব্যাগে রাখা এসব সামগ্রী উদ্ধার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ দল সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার করা সামগ্রীর মধ্যে একটি পেট্রল বোমাসদৃশ বস্তু, দুটি বারুদ, দুই লিটার পেট্রল ও একটি ইলেকট্রনিক সার্কিট ছিল। সোমবার সকাল ৮টার দিকে পুলিশের বিশেষ দল সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
পুলিশের ধারণা, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব সামগ্রী আখড়াবাড়ির আঙিনায় রেখে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ছিল মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করে। উৎসবে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। প্রতিবছরের মতো এবারও আখড়াবাড়িতে সমবেত হয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা।
উৎসব ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তায় সিসিটিভি স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ ও প্রশাসন। এর মধ্যেই পুলিশ বক্সের কাছ থেকে বোমাসদৃশ বস্তুসহ অন্যান্য সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটল।
শনিবার বিকেলে স্মরণোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হলেও আখড়াবাড়িতে লালনভক্তদের উপস্থিতি ছিল। এর কয়েক ঘণ্টা পরই রাত দেড়টার দিকে প্রবেশপথের কাছে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
সোমবার স্মরণোৎসবের শেষ দিন। সন্ধ্যায় আলোচনা সভা এবং রাতভর লালনের গান পরিবেশনের মধ্য দিয়ে তিন দিনের আয়োজন শেষ হওয়ার কথা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ওসি জামাল উদ্দিন বলেন, উদ্ধার করা সামগ্রী নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলছে। স্মরণোৎসব নির্বিঘ্ন করতে আখড়াবাড়ি এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
