আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। একজন ব্যক্তি অর্থশালী না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। এ জন্য সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে স্পিকার বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখানকার গ্যাসের মজুত দেশের বর্তমান মজুতের সমপর্যায়ের বলে মনে হচ্ছে। ভোলায় আরও গ্যাসের ভাণ্ডার থাকার সম্ভাবনাও রয়েছে।
স্পিকার বলেন, ভোলার মানুষের গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে তাঁরা এ নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।
The post আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার appeared first on ভোরের চেতনা.
