শারদীয় দুর্গোৎসবের দশমী আজ। দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছেন, নৌকায় করে আজ ফিরে যাবেন কৈলাসে। পূজার এই কয় দিন বলিউড আর টালিউডের তারকারাও মেতে ছিলেন উৎসব আমেজে। রঙিন পোশাকে পরিবার-পরিজন নিয়ে তারকারা হাজির হয়েছিলেন মণ্ডপ দর্শনে। বিশেষ করে প্রতিবছরের মতো এবারও কলকাতার মল্লিকবাড়ি আর মুম্বাইয়ের মুখার্জিবাড়ির আয়োজনে নজর ছিল সবার। দুই বাড়িতেই প্রস্তুতি আরও আগে শুরু হয়েছিল। তবে আয়োজন জমে ওঠে ষষ্ঠী থেকে।
কলকাতার মল্লিকবাড়ি
১০০ বছরের বেশি সময় ধরে কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়িতে দুর্গাপূজার আয়োজন করা হয়। পূজার দিনগুলোতে সবার জন্য মল্লিকবাড়ির দরজা খোলা থাকে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও আসেন উৎসবে অংশ নিতে। পূজার আয়োজন থেকে খুঁটিনাটি দায়িত্ব নিজের হাতে সামলান অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার মেয়ে কোয়েল মল্লিক।
বরাবরের মতো এবারও টালিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছে মল্লিকবাড়ির আয়োজন। কলকাতার ঐতিহ্যবাহী এই বনেদি বাড়ির পূজায় মূলত মল্লিক পরিবারের সন্তান এবং টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ও তার পরিবারের রঙিন উপস্থিতি মিডিয়া ও ভক্তদের নজর কেড়েছে।
মুম্বাইয়ের মুখার্জিবাড়ি
বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাড়ির দুর্গাপূজা মানে এক বিশাল উৎসব। ৭৮ বছর ধরে মুম্বাইয়ের মুখার্জিবাড়িতে চলছে পূজার আয়োজন। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বছরের ঐতিহ্য, আবেগ ও বাঙালিয়ানার টান। মুম্বাইয়ে আলোচিত এই পূজার উৎসব ঘিরে সবার কৌতূহল। ১৯৪৮ সালে চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জি এবং তার স্ত্রী সতী রানী মুখার্জি এটি শুরু করেন। এটি মুম্বাইয়ের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সর্বজনীন পূজা। বর্তমানে মুম্বাইয়ের জুহুতে এসএনডিটি উইমেনস ইউনিভার্সিটির কাছে এই পূজার প্যান্ডেল সাজানো হয়।
প্রতিবছরের মতো এবারও কাজল, তনুজা, তানিশা মুখার্জি, অয়ন মুখার্জি, রানী মুখার্জিসহ পরিবারের অন্য সদস্যরা এই পূজায় উপস্থিত হয়েছেন। এ ছাড়া জয়া বচ্চন, রণবীর কাপুর, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, মৌনি রায়, পরিচালক অনুরাগ বসু, সংগীত পরিচালক প্রীতমসহ বলিউডের অনেক তারকা পূজামণ্ডপে এসেছেন।
