জালালাবাদ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৭ কোটি মানুষ এই ব্যারেজের সুবিধা পাবেন। রোববার দুপুরে পাবনার সুজানগরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ কথা বলেন।
সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শন ও কারিগরি বিষয়ে এ আলোচনা সভায় আয়োজন করা হয়। এ সময় পদ্মা ব্যারেজকে একটি মাস্টারমাইন্ড মেগাপ্রকল্প উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথম পর্যায়ের ৩৫ হাজার কোটি টাকায় কাজ শুরু হবে। দ্বিতীয় পর্যায় মিলে কমপক্ষে ৫০/৫৫ হাজার কোটি টাকায় শেষ করতে হবে এ প্রকল্প। নদী পাড়ের প্রকৃতির সাথে যুদ্ধ করা মানুষের সুফলের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে এই প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন।
রাজনৈতিক সিদ্ধান্তের কারনে এই প্রকল্প আগাতে পারেনি। নির্বাচিত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ আর অনির্বাচিত সরকারের পক্ষে অসম্ভব ব্যাপার। নির্ধারিত দিনে প্রকল্পের উদ্বোধন হবে। কমপক্ষে ৭ বছর কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আমরা দায়িত্বের সাথে এই প্রকল্প বাস্তবায়নে দায়বদ্ধ। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কাজ এগিয়ে নেওয়া হবে।
