সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
রোববার সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটিসহ গত ১৭ অক্টোবর থেকে টানা ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। ইতোমধ্যে ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।’
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল এবং রয়েছে।’
আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দীর্ঘ ছুটির পর বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আবারও ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
