জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে উদ্ধার করে তার বাবার হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে পরিবারের কাছে দেওয়া হয়।
জানা যায়, গত ১১ অক্টোবর মীর মশাররফ হোসেন হলের ১১০ নম্বর কক্ষে একটি সুইসাইড নোট লিখে নিখোঁজ হন মোহাইমিনুল। ঘটনার পরদিন ১২ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, উদ্ধারের পর মঙ্গলবার ভোরে মোহাইমিনুলকে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম ও ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী থানায় উপস্থিত হন। এর আগে মোহাইমিনুলের পিতা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরবর্তীতে থানা পুলিশ প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রারের উপস্থিতিতে মোহাইমিনুলকে তাঁর পিতার হেফাজতে বুঝিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
