ইরান যুদ্ধে সামরিক সহায়তা চেয়ে মূলত সামরিক জোট ন্যাটোকে (ন্যাটো) পরীক্ষা বা ‘পরখ’ করছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার কোনো প্রয়োজন ছিল না, তবে জোটের অবস্থান জানতেই তিনি এই আহ্বান জানিয়েছিলেন।
স্থানীয় সময় (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে আয়োজিত নির্বাচনি প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা যখন ইরান যুদ্ধে ন্যাটোর কাছে সাহায্য চেয়েছিলাম, যে সাহায্যের কোনো প্রয়োজন আমাদের ছিল না— আমি মূলত তাদের পরখ করছিলাম। ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ ব্যয় করে উল্লেখ করে ট্রাম্প জোটটির কার্যকারিতা ও ভূমিকা নিয়ে পুনরায় প্রশ্ন তোলেন।
ভাষণে ইরান সামরিক শক্তির দিক থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প আবারও দাবি করেন। তিনি বলেন, ইরানের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে রয়েছে। অন্তত ২২৯টি যুদ্ধবিমান এখন দেশটির বিভিন্ন রানওয়েতে ধ্বংসস্তূপ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
ইরানের রাজনৈতিক নেতৃত্বের ওপর মার্কিন সামরিক হামলার মারাত্মক প্রভাব পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি সত্যি জানি না এখন কার সঙ্গে আলোচনা বা চুক্তি করতে হবে।
ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের প্রথম ও দ্বিতীয় সারির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি নির্মূল হয়ে গেছেন। তৃতীয় সারির নেতৃত্বের অন্তত অর্ধেক ইতোমধ্যে শেষ হয়ে গেছেন। এমন পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কোনো সমঝোতা আলোচনার সুযোগ বা প্রতিনিধি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
