টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজার, শনিবার খোলা
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন দেশের সব তফসিলি ব্যাংক এবং শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির নির্দেশনার ........
জার্নাল ডেস্কশারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন দেশের সব তফসিলি ব্যাংক এবং শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির নির্দেশনার পর রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকগুলোতে টানা পাঁচ দিন কোনো লেনদেন হবে না। তবে ছুটির সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতোই সব ব্যাংকিং কার্যক্রম চলবে।
ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় এই পাঁচ দিন দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে।
এদিকে দেশের অর্থনৈতিক চাকা ও আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পূজার এই লম্বা ছুটিতেও বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংকের শাখা ও বুথগুলোতে নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রাখতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। একই নির্দেশনায় ১৭ অক্টোবর (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ জার্নাল/ওএফ
