সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। দণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কেন জানানো হলো না, সেটিও জানতে চাওয়া হয়েছে। বিদেশে কোনো দেশের নাগরিকের বিচার ও শাস্তি কার্যকরের আগে সংশ্লিষ্ট দেশকে জানানোর বিধান থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা চলা এই বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি গত সপ্তাহে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এসেছে।
- Advertisement -
এই বৈঠকের বিষয়টি আজ সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মো. নজরুল ইসলাম। তবে আলোচনার বিস্তারিত তিনি জানাতে চাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, বৈঠকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে জানতে রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রণালয়ের সচিব বিষয়টি নিয়ে সৌদি দূতাবাসের সঙ্গে যে যোগাযোগ করেছিলেন, আজকের আলোচনা তারই ধারাবাহিকতা।
কর্মকর্তারা জানান, আলোচনা শেষে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বিস্তারিত জানবেন। এরপর বিষয়টি বাংলাদেশকে অবহিত করবেন।
