ফুটবলে বাজি ধরার নিয়ম ভঙ্গের দায়ে তুরস্কের ১৪৭ জন বর্তমান ও সাবেক ক্লাব কর্মকর্তাকে ৪৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তুর্কি ফুটবলে জুয়া ও বাজি নিয়ে চলমান অভিযানের অংশ হিসেবে এই শাস্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার টিএফএফের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ড ৪৪৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়। তদন্তে ১৪৭ জনের বিরুদ্ধে ক্লাবে দায়িত্ব পালনকালে বাজি ধরার নিয়ম ভঙ্গের প্রমাণ পেয়েছে বোর্ড। নিষেধাজ্ঞার সময়ে তারা ফুটবল-সংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
শাস্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন তুরস্কের শীর্ষ লিগের ক্লাব ট্রাবজোনস্পরের সভাপতি এরতুঘরুল দোয়ান। তবে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় বাকি ৩০১ জনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে তুরস্কের শীর্ষ দুই বিভাগের ক্লাবগুলোতে গত পাঁচ বছরে দায়িত্ব পালন করা ৪৪৮ জন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ফেডারেশন। তাদের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় বাজি ধরার অভিযোগ ছিল।
তুর্কি ফুটবলে বাজি নিয়ে অনিয়মের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে ফেডারেশন। গত বছর বড় ধরনের কেলেঙ্কারির পর তদন্তের আওতায় ১৪৯ জন রেফারি ও ১ হাজার ২৪ জন খেলোয়াড়কেও বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল।
সাম্প্রতিক এই শাস্তি তুরস্কের ফুটবলে বাজি-সংক্রান্ত অনিয়ম ঠেকাতে কর্তৃপক্ষের চলমান কঠোর পদক্ষেপেরই অংশ।
এইচজেএস
