চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. মামুন অর রশিদ (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার কালিয়া বকরি গ্রামে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মামুন অর রশিদ কালিয়া বকরি গ্রামের মুরাদ আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের একটি সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, মামুন অর রশিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তি এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা মামুন গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
