ভারতের ডিফেন্ডারদের টপকে গোল রুশ ফুটবলারদেরEi Samay
Published on
:
1 min read
এই সময়: কলকাতায় প্রথমবার মেয়েদের ফিফা ফ্রেন্ডলিতে বেশ খারাপ অভিজ্ঞতাই হলো ভারতের মেয়েদের ফুটবল টিমের। তিন দিন আগে কিশোর ভারতীতে রাশিয়ার বিরুদ্ধে ০–৪ হেরেছিল ভারত। আর রবিবার সেই মাঠেই রাশিয়ার কাছে দ্বিতীয় ম্যাচে ০–৮ গোলে হারল ক্রিসপিন ছেত্রীর প্রশিক্ষণাধীন টিম।
সঙ্গীতা বাস্ফোররা প্রথমার্ধেই পিছিয়ে পড়েন ০–৫। কয়েক বছর আগেও রাশিয়ার সঙ্গে ম্যাচে ভারতের মেয়েরা ০–৮ হেরেছিলেন। এখনও সেই ব্যর্থতাই চলছে।সিনিয়র মেয়েদের চরম ব্যর্থতার দিনে ভারতের অনূর্ধ্ব ১৭ মেয়েরা দেশের মুখ উজ্জ্বল করলেন।
মালয়েশিয়ার সেলাংয়ে অনূর্ধ্ব ১৭ মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ লিগে তিন ম্যাচে জিতে ভারতের মেয়েরা এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন। পরের বছর চিনে এশিয়ান কাপে খেলবে ভারতের এই টিম। ৩ ম্যাচে ২০ গোল করে, কোনও গোল হজম করেনি ভারতের এই টিম। গত মরশুমেও ভারতের এই অনূর্ধ্ব ১৭ টিম এশিয়ান কাপে খেলেছিল বর্তমান কোচ জোয়াকিম আলেকজান্ডারসনের অধীনেই।
সেলাংয়ে রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ থেকে শীর্ষ স্থান নিয়ে মূলপর্বে যেত ভারত। সেখানে প্রীতিকা বর্মণরা ৪–০ জয় তুলে নিল আয়োজক দেশের বিরুদ্ধে। ভারতের গোল রিদিমা, প্রীতিকা, অনুষ্কা ও নিধির। গ্রুপ লিগের আগের দুই ম্যাচে সিরিয়ার সঙ্গে ২–০ ও ইরাকের বিরুদ্ধে ১৪–০ জিতেছিল ভারত।