ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উদ্যোগে “প্ল্যানিং পারস্পেক্টিভ অন দ্য ইন্ডাস্ট্রিস অন দ্য ইমার্জিং ইন্ডাস্ট্রিজ ইন দ্য ব্লু ইকোনোমি সেক্টর অফ বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জাভেদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম।
প্রতিমন্ত্রী বলেন, সুনীল অর্থনীতি বা সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা সরকারের আরো একটি অন্যতম অগ্রাধিকার খাত। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সুনীল অর্থনীতি সেল আছে। তারা চেষ্টা করছেন এই বিষয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের কাজের ভেতর সমন্বয় করে সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার। পাশাপাশি, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কয়েকটি থ্রাস্ট সেক্টর চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাহাজনির্মাণ শিল্প, বন্দর ব্যবস্থাপনা ও উন্নয়ন। সরকারের আরেকটি অগ্রাধিকার হলো আমাদের বন্দরগুলোর সঙ্গে আমাদের উৎপাদন কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। শুধুমাত্র সড়ক যোগাযোগ নয়, রেল বা নদীপথকেও সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ২০৩৪ সালের মধ্যে আমরা যদি বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বানাতে হয়, তাহলে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনাকে জিডিপির গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে হবে। তার জন্য যে দক্ষ মানবসম্পদ প্রয়োজন, সেটি তৈরি করে দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকেই। এক্ষেত্রে, সরকারি খাত, উচ্চশিক্ষা খাত, এবং বেসরকারি খাত – এই তিন খাতের মাঝে একটা সমন্বয় বা মেলবন্ধন তৈরি করতে হবে। আইইউবি এবং সেন্টার ফর বে অফ বেঙ্গল স্টাডিজকে ধন্যবাদ কারণ তারা তাদের নিজেদের অংশটুকু করছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য জাভেদ হোসেইন বলেন, বাংলাদেশের কন্টেইনার উঠানামার প্রায় পুরোটাই পরিচালিত হয় চট্টগ্রাম বন্দরে। ২১ হাজার টনের একটি জ্বালানী তেলে ট্যাংকার খালাস করতে সময় লাগে ৩-৫ দিন, যেখানে সিংগাপুরে এই কাজটি করতে সময় লাগে মাত্র ৪-৫ ঘন্টা। এছাড়াও, আমাদের দেশে তৈরি পোষাকের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ৯৫ দিন, যেখানে ভিয়েতনামের লাগে ৬১ দিন এবং চীনের ৩২ দিন। এর কারণ দুর্নীতি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম (অব.)। তিনি বঙ্গোপসাগর ও সুনীল অর্থনীতি এবং এই খাতের উদীয়মান শিল্পগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ। সঞ্চলনায় ছিলেন আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়াম বিনতে হাসান ফারিন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
