লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় দুই মণ ইলিশ ও এক লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের চারটি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড দেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দিনব্যাপী নদীতে অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করে। এসময় ইলিশ ও জাল জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতি উপজেলার চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এসময় মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
কাজল কায়েস/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
