শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে উপজেলার সাতজন অসহায় ও দুস্থ ব্যক্তিকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ১৫০টি পরিবারের মধ্যে একটি করে শাড়ি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সেটিই প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো মানুষ যেন আর্থিক অসচ্ছলতার কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে জন্য সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সরকারের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
সংসদ সদস্য বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, বুধহাটা কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মহিলা কলেজের প্রভাষক রতন কুমার অধিকারী, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবার অংশগ্রহণে উৎসব উদ্যাপন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
The post আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে ১৫০ পরিবারকে শাড়ি, সাতজনকে আর্থিক সহায়তা appeared first on ভোরের চেতনা.
