মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার রাতে পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হলেন- পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের ফাতেউল আলম ও তার ছেলে আকাশ রহমান। জানা গেছে, পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের নিজবাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনা করা হচ্ছে এমন সংবাদে ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনা অবস্থায় ফাতেউল আলম ও তার ছেলে আকাশ রহমানকে আটক করা হয়। সুযোগ বুঝে পুলিশকে ফাঁকি দিয়ে তার আরও এক ছেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৮টি মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।