এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কারের মঞ্চে আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১৯ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বসবে এএফসি অ্যাওয়ার্ড নাইটের আসর। সেখানে পুরস্কার জয়ের লক্ষ্য নিয়ে অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
বাফুফের মনোনয়ন দুটি হলোÑ মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুট ফুটবল অ্যাওয়ার্ডের সিলভার ক্যাটাগরি। গত বছরও দুই বিভাগে মনোনয়ন পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি।
এবার গ্রাসরুট ফুটবলে বাংলাদেশের সামনে রয়েছে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। গত বছর এই বিভাগে ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলভার ধাপে উন্নীত হওয়ার পর এবার সেই ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছে বাফুফে। এই বিভাগে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত ও গুয়াম। তবে সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জেতার লড়াইটা সহজ হবে না। বিশেষ করে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে হলে গ্রাসরুট ফুটবলে বাংলাদেশের অগ্রগতিই হতে পারে বড় শক্তি।
অন্যদিকে মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের রুবি ক্যাটাগরিতে এবার পুরস্কার জয়ের আশায় থাকতে পারে বাংলাদেশ। গতবারের বিজয়ী লাওস এবারও মনোনয়ন পেয়েছে। একই বিভাগে মনোনয়ন পাওয়া অন্য দেশ গুয়াম।
বাফুফে এর আগে ২০১৫ সালে এএফসির অ্যাসপায়ার মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জিতেছিল। এরপর দীর্ঘ বিরতি দিয়ে গত বছর এএফসি পুরস্কারের মঞ্চে স্বীকৃতি পাওয়ার সুযোগ আসে। এবারও দুই বিভাগে মনোনয়ন পাওয়ায় সেই ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ তৈরি হয়েছে। এখন অপেক্ষা ব্যাংককের মঞ্চে শেষ হাসি হাসার।