'বিগ বস' হাউজে শুরু হওয়া প্রেমের গল্পগুলো প্রায়শই শো শেষ হওয়ার পরেও শিরোনামে থাকে। এমনই একটা গল্প ছিল বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি এবং আরমান কোহলির। তাঁদের সম্পর্ক 'বিগ বস ৭' চলাকালীন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ঘরের ভিতরে তাঁরা একে অপরের আরও কাছাকাছি আসেন যা দর্শকের মনোযোগ আকর্ষণ করে।
এমনকী শো শেষ হওয়ার পরেও, তাঁদের প্রেমের গুঞ্জন দীর্ঘ সময় ধরে চলতে থাকে। কিন্তু সম্প্রতি তানিশা 'বিগ বস' ও আরমানকে নিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে।
তানিশার মতে, 'বিগ বস'-এ প্রতিযোগীদের প্রায়শই কঠিন পরিস্থিতিতে ফেলা হয়, যা তাঁদের আরও কাছাকাছি নিয়ে আসে। তিনি জানান, সেই সময়ে তিনি বেশ সরল ছিলেন এবং শো-তে আসার আগে তাঁর কোনও ধারণাই ছিল না যে সেখানকার পরিবেশ তাঁকে কতটা প্রভাবিত করতে পারে। তানিশা জানান, আরমানের সঙ্গে তাঁর সেই সম্পর্ককে প্রকৃত ভালবাসা বলা চলে না, বরং তা ছিল কঠিন পরিস্থিতিতে মানসিক চাপের ফল বা ‘ট্রমা বন্ডিং’।
https://www.youtube.com/watch?v=dIQLVUVk9jc
অভিনেত্রীর কথায়, শো শেষ করে বাইরে আসার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায় এবং সেই মানসিক পরিস্থিতি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে ও স্বাভাবিক হতে তাঁর প্রায় ছ'মাস সময় লেগেছিল। এমনকী এই মানসিক অবস্থা কাটিয়ে উঠতে তাঁকে মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে আসার পর কিছু দিন তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তানিশার এই মন্তব্যের পর তাঁদের পুরোনো সম্পর্ক নিয়ে বিনোদন দুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
